ঢাকা, রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচে বাংলাদেশের টিকে থাকার সমীকরণ

এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করে নেওয়ার সমীকরণ এখনো অনিশ্চয়তায় ঢাকা। বাংলাদেশের ভাগ্য নির্ভর করছে আবুধাবিতে আজ আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের ফলাফলের ওপর। সহজভাবে বলতে গেলে-শ্রীলঙ্কা জিতলেই বাংলাদেশের পথ খুলে যাবে।


দুই ম্যাচ শেষে সমান ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। তবে রান রেটে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে টাইগাররা। অন্যদিকে, দুই ম্যাচে এক জয় ও এক হারে আফগানিস্তানের পয়েন্ট ২। তাই কালকের ম্যাচের জয়-পরাজয়ই নির্ধারণ করে দেবে শেষ চারে কারা যাবে।শ্রীলঙ্কা যদি আফগানিস্তানকে হারায়, তবে তাদের পয়েন্ট দাঁড়াবে ৬। বাংলাদেশ থাকবে ৪ পয়েন্টে এবং আফগানিস্তান ২ পয়েন্টে আটকে যাবে। তখন বিনা শর্তেই সুপার ফোরে জায়গা হবে লঙ্কান ও বাংলাদেশের।


কিন্তু আফগানরা যদি জেতে, তখন সমীকরণ বদলে যাবে। জিতলেই তাদের রান রেট আরও ভালো হবে, যা ইতিমধ্যেই বাংলাদেশ ও শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে (+২.১৫০)। শ্রীলঙ্কার রান রেট এখন +১.৫৪৬ এবং বাংলাদেশের -০.২৭০। তাই আফগানরা যদি ৬৫-৭০ রানের বড় ব্যবধানে কিংবা ৫০ বল হাতে রেখে জয় তুলে নেয়, তখনো সুপার ফোরের টিকিট ধরে রাখতে পারবে বাংলাদেশ। অন্যথায় টাইগারদের বিদায় নিশ্চিত। আবহাওয়াজনিত কারণে যদি ম্যাচ পরিত্যক্ত হয়, তাহলে শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি সুপার ফোরে চলে যাবে বাংলাদেশ।


ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন শানাকা বলেছেন, বাংলাদেশের ভক্তরা তাদের জয় চায়, আর দলও সেটাই চায়। তবে কাজটা সহজ হবে না, কারণ আফগানিস্তানের দলকে তিনি বলেছেন 'খুবই শক্তিশালী ও মানসম্পন্ন।' তার চোখে এই ম্যাচে মূল লড়াই হবে দুই দলের স্পিন আক্রমণের মধ্যে।


টি-টোয়েন্টিতে এ পর্যন্ত ৮ বার মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে ৫ বার জিতেছে শ্রীলঙ্কা, ৩ বার আফগানিস্তান। সংখ্যার বিচারে এগিয়ে লঙ্কানরা, তবে আফগানদের সাম্প্রতিক ফর্মও হেলাফেলার নয়।


বাংলাদেশের জন্য তাই এখন একটাই প্রার্থনা-শ্রীলঙ্কার জয়!

ads
ads
ads

Our Facebook Page